
স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের বিচ্ছিন্ন হওয়া ওপরের অংশটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে বুধবার চাঁদে আঘাত হানার কথা রয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে সংঘর্ষটি ঘটতে পারে বলে জানিয়েছে বিবিসি ও এএফপি।
প্রায় পাঁচতলা ভবনের সমান আকারের এই অংশটির ওজন প্রায় ৪ হাজার কেজি। তবে চাঁদের কক্ষপথে থাকা কোনো মহাকাশযান সংঘর্ষস্থল সরাসরি পর্যবেক্ষণের উপযুক্ত অবস্থানে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হবে না।
বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠের আগে ও পরের ছবি তুলনা করে আঘাতের প্রভাব নির্ণয় করবেন। তাদের ধারণা, সংঘর্ষটি চাঁদের উত্তর গোলার্ধে আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি ঘটবে।
নাসা জানিয়েছে, গবেষণার উদ্দেশ্যে সম্ভাব্য আঘাতস্থল পর্যবেক্ষণ করা হবে। বিজ্ঞানীদের মতে, এ ঘটনা পৃথিবীর জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না; বরং চাঁদের পৃষ্ঠে উচ্চগতির কোনো বস্তু আঘাত করলে কী ধরনের পরিবর্তন ঘটে, তা বোঝার সুযোগ তৈরি হবে।
ফ্যালকন ৯ রকেটটি গত জানুয়ারিতে দুটি লুনার ল্যান্ডার বহন করে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটের বুস্টার অংশ পৃথিবীতে ফিরে এলেও দ্বিতীয় ধাপটি মহাকাশে থেকে যায়। নাসার কর্মকর্তাদের মতে, সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় প্রভাবের কারণে সেটি ধীরে ধীরে চাঁদের দিকে অগ্রসর হয়।